রাজধানীতে নিহত জঙ্গিদের একজন নকলার রবিন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৭
 
গত ১২ জানুয়ারি রাজধানীর নাখালপাড়ার রুবি ভিলায় জঙ্গি আস্তানায় নিহতদের একজন শেরপুর জেলার নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত ফজর আলীর পুত্র রবিন মিয়া (১৪) বলে জানা গেছে। 
 
ওই ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে ছবি প্রকাশের পর শুক্রবার তা বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত ছবির সঙ্গে রবিনের সাদৃশ্য রয়েছে বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে। 
 
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘এমন একটি সংবাদ আমিও শুনেছি এবং পত্রিকায় পড়েছি। তা ছাড়া চলতি মাসের ৭ তারিখ থেকে রবিন নিখোজ রয়েছে মর্মে  রবিনের বড় ভাই গোলাম মোস্তফা একটি সাধারণ ডায়রি করেছেন। পত্রিকায় প্রকাশিত ছবির সঙ্গে রবিনের সাদৃশ্য রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 
 
রবিনের বড় ভাই গোলাম মোস্তফা জানান, তাদের তিন ভাই ও এক বোনের মধ্যে রবিন সবার ছোট। পত্রিকায় প্রকাশিত নিহত জঙ্গির একজন আমার ছোটভাই রবিনের মতোই মনে হচ্ছে। যদি আমি সরাসরি লাশ দেখতে পারতাম তাহলে শতভাগ নিশ্চিত করে বলা যেত।
 
ইত্তেফাক/ইউবি