সজনে গাছের ব্যবহার নতুন নতুন ক্ষেত্র সৃষ্টিতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও মরিঙ্গা বাংলাদেশ লিমিটেড কর্তৃক কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিএলআরআই কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিএলআরআই’র পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার এবং মরিঙ্গা বাংলাদেশের পক্ষে সিইও জাকিয়া সুলতানা এতে স্বাক্ষর করেন।
মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার বলেন , আগামী দিনে এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে সজনে গবেষণায় নতুন দ্বার উম্মোচিত হবে।
IMG0
তিনি আরো বলেন, সজনে গাছের ওপর বিএলআরআই এর এ পর্যন্ত যাবতীয় গবেষণালব্ধ ফলাফলকে কাজে লাগিয়ে আগামী দিনে সজনের নতুন নতুন সজনেজাত পণ্য তৈরির মাধ্যমে দেশের প্রাণিসম্পদ উৎপাদনে সর্বোপরি মানুষের সার্বিক পুষ্টি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
মরিঙ্গা বাংলাদেশের সিইও জাকিয়া সুলতানা জানান, বিশ্বের বিভিন্ন দেশে মানুষের পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক পরিসরে সজনে থেকে তৈরি বিভিন্ন খাবার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই এ প্রতিষ্ঠানও সজনে থেকে তৈরি বিভিন্ন খাদ্য বাজারজাত করতে শুরু করছে। মানুষের মাঝে সজনেজাত খাবার পৌঁছে দিতে সামনে আরও বড় পরিসরে কাজ করবে প্রতিষ্ঠানটি।
ইত্তেফাক/কেকে
