ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেনকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা মনোনেশ দাস। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী মাহমুদের নেতৃত্বে পুলিশ মুক্তাগাছা শহরের জনতা গেস্ট হাউজ থেকে শাহাদাতকে গ্রেফতার করে।
মনোনেশ দাস জানান, জনতা গেস্ট হাউজটি তাদের পৈত্রিক ব্যবসা। শুক্রবার রাতে হোটেলের বোরডার এন্ট্রি খাতায় শাহাদাতের নাম ঠিকানা অসঙ্গতি দেখে হোটেলের একজন স্টাফের মোবাইলের মাধ্যমে আসামি শাহাদাতের সঙ্গে কথা বলে তার সঠিক পরিচয় পান।
শাহাদাত মনোনেশ দাসের কাছে স্বীকার করেন যে, তিনি শাহাদাত হোসেন তার পিতার নাম আব্দুর রাজ্জাক। তিনি ভুইয়া বাজার সোনাগাজীর বাসিন্দা। মনোনেশ দাস তাৎক্ষণিক মুক্তাগাছা থানার ওসির মোবাইলে ফোন করে আসামি শাহাদাত হোসেন হোটেলে অবস্থান করছেন বলে জানান। পরে শাহাদাতকে গ্রেপ্তার করে প্রথমে মুক্তাগাছা থানা ও পরে ময়মনসিংহে নিয়ে যান ওসি।
