নির্বাচনী ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাব

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:৪০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাব রাখার জন্য আহ্বান জানিয়েছে সিনিয়র সাংবাদিকদের সংগঠন বিজেএফসিআই। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের জাতীয় সমন্বয় কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। মূলত সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মীদের স্বাধীনতার লক্ষ্যেই এ আহ্বান জানানো হয়েছে। ওই বৈঠকে জাতীয় নির্বাচনের আগে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ঘোষণার তাগিদ দেওয়া হয়।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট ফাউন্ডেশন ফর কনজুমারস অ্যান্ড ইনভেস্টরস (বিজেএফসিআই) এর চেয়ারম্যান এবং ডেইলি অবজারভারের বিজনেস এডিটর মোঃ ফারুক আহমেদ।

বৈঠকে ডিজিটাল নিরাপত্তা বিল সংশোধন নিয়ে সরকারের সঙ্গে সম্পাদক ও সিনিয়র সংবাদিকদের বৈঠকের পরেও তা সংশোধন না হওয়ায় হতাশা প্রকাশ করা হয়। পাশাপাশি এ আইনে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিজেএফসিআই।-প্রেস-বিজ্ঞপ্তি