আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। ১১ঘন্টা ধরে হামলাকারীরা হোটেলটি অবরোধ করে আছে। রবিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আফগান গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, ‘এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে।’ তিনি আরো বলেন, ১৫০ জন জিম্মিকে ছেড়ে দেয়া হয়েছে।
IMG0
একটি নিরাপত্তা সূত্র জানায়, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেল থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করছে এবং অন্তত একজন হামলাকারীর মৃত্যু হয়েছে। আফগানিস্তানের টোলো নিউজে প্রচারিত নাটকীয় চিত্রগুলোতে হোটেলের সর্বোচ্চ তলা থেকে অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়।
সূত্র আরো জানায়, অন্তত একজন লোক সর্বোচ্চ তলার ব্যালকোনি দিয়ে বিছানার চাদরকে দড়ির মতো ব্যবহার করে নামতে গিয়ে নিচে পড়ে যেতে দেখা গেছে।
IMG1
শনিবার রাতে চার হামলাকারী হোটেলে হামলা চালায়। এ সময় তারা অতিথি ও স্টাফদের লক্ষ্য করে নির্বিচারে গুলি করে এবং বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
ইত্তেফাক/মোস্তাফিজ
