এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা অপহৃত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২১:৪৩
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে অপহৃত হয়েছেন। এ ঘটনায় তার ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি ডিজি করেছেন। 
 
শনিবার বিকেল চারটার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মাইক্রোবাসে করে তাকে উঠিয়ে নিয়ে যায়। 
 
এর আগে বৃহস্পতিবার বিকালে বনানী এলাকা থেকে শিক্ষামন্ত্রীর দফতারের উচ্চমান সহকারী নাসির হোসেন (৪৫) রহস্যজনকভাবে নিখোঁজ হন। 
 
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান জিডির সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ করা হয়েছে- মন্ত্রীর পিওকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বাসা গ্রিন রোডে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 
 
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, এখনো নিখোঁজ দুই কর্মচারীর অবস্থান জানা যায়নি। তবে আমরা এ বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।  
 
ইত্তেফাক/ইউবি