প্রেসিডেন্ট ট্রাম্পের বছরপূর্তি, হাজারো নারীর বিক্ষোভ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের একবছর পূর্তির দিনে ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার নারী মিছিল ও বিক্ষোভ করেছে। প্ল্যাকার্ডসহ কয়েক হাজার নারী ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সামনে জড়ো হয়। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির নিন্দা এবং লিঙ্গ সমতার দাবি জানায়। খবর সিনহুয়ার।
IMG0
বিক্ষোভকারী একজন নারী জানেল ফারসিতি বার্তা সংস্থাকে বলেন, ‘যারা আমাদের অধিকার আদায়ের চেষ্টা করছে তাদের প্রতি সমর্থন জানানো সকলের জন্যেই গুরুত্বপূর্ণ। আমাদের এমন একটি প্রশাসন রয়েছে যা যেকোনো সময়ের তুলনায় জনগণের নাগরিক অধিকার প্রশ্নে পিছিয়ে যাওয়ার ব্যাপারেই বেশি প্রত্যয়ী।’
IMG1
এদিকে নারীদের এ বিক্ষোভ মিছিলের মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম মূলত বন্ধ হয়ে গেছে। ২০১৩ সালের পর এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। সিনেটে রিপাবলিক ও ডেমোক্রেটদের ব্যয় বিল নিয়ে মতানৈক্যই এর  কারণ। আর এজন্য একদল অপর দলকে দোষারোপ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ‘আজকের আবহাওয়া চমৎকার। নারীদের মিছিলের জন্যে এটি চমৎকার দিনই বটে। আপনারা বেরিয়ে পড়েন এবং গত ১২ মাসের নজিরবিহীন অর্থনৈতিক সাফল্য ও সম্পদ তৈরির বিষয়টি উদযাপন করুন। কারণ গত ১৮ বছরে নারী বেকারের সংখ্যা এখন সর্বনিম্ন।’ সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু