বেরোবিতে পাঁচ মাসেও মেরামত হয়নি প্রধানমন্ত্রীর উপহারের বাস

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১২:৫৪
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঁচ মাস থেকে বিকল হয়ে পড়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া একটি বাস। এতে পরিবহন সংকটে বাঁদুর ঝোলা হয়ে ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। দীর্ঘদিনেও বাসটি মেরামত না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।
 
জানা যায়, শিক্ষার্থীদের পরিবহন সংকট কমাতে ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দু’টি বাস উপহার দেন। গত বছরের আগস্ট মাসে ঢাকা-রংপুর রোডের পীরগঞ্জ এলাকায় বিকল হয়ে পড়ে বাসটি। সেখান থেকে বাসটি ক্যাম্পাসে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। এরপর ৫ মাস পেরিয়ে গেলেও বাসটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এখন পর্যন্ত সাতটি বাস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যার তুলনায় মাত্র সাতটি বাস একেবারেই অপ্রতুল। এই পরিস্থিতিতে প্রায় ৫ মাস থেকে অকেজো হয়ে আছে একটি বাস। এছাড়া বাসগুলো মাত্র দুটি রুটে চলাচল করছে। এতে অন্যদিক থেকে আসা শিক্ষার্থীরা পরিবহন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দায়িত্বরত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘নষ্ট হওয়া বাসটি এখনো বিশ্ববিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করা হয়নি। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। আর বাসটির ইঞ্জিনসহ আরও কিছু যন্ত্রাংশ পরিবর্তন করতে হবে। এর জন্য বড় অংকের টাকা খরচ হবে। বিষয়টি সিন্ডিকেট ও অর্থ কমিটিতে তোলা হলে তা পাশ হয়েছে। এখন টেন্ডার আহবান করা হবে। ফেব্রুয়ারিতে বাসটি চালু করা সম্ভব হতে পারে।
 
ইত্তেফাক/এএম।