২০১৬ সালের শেষের দিকে স্বাস্থ্য খাতে কালীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর ধারবাহিকতায় বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্র্যাটেসটিকস (সিআরভিএস) বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের মেঘবাড়ী রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সিআরভিএস বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন কেবিনেট ডিভিশনের ডেপুটি সেক্রেটারি আশফাকুল আমিন মুকুট, সিআরভিএস কান্ট্রি কো-অর্ডিনেটর ডা. আশরাফ, সাবেক যুগ্ম সচিব ও সিআরভিএস কনসালটেন্ট মো. মঈন উদ্দিন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার কাওসার আহমেদ ও তানিয়া ভূইয়ার যৌথ পরিচালনায় সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি ছাড়াও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হাসান, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মুঞ্জুরুল হক, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, ইউআইচ অ্যান্ড এফপিও ডা. ছাদেকুর রহমান আকন্দ, ইউএফপিও সানজিদা আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, সমাজসেবা অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ।
জানা গেছে, দেশব্যাপী এ কর্মসূচির আওতায় ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৭৯০জন চিকিৎসককে এমসিসিওডি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সহকারী পরিবার কল্যাণ সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউডিসি উদ্যোক্তা ও ইউপি চেয়ারম্যানসহ ২৯৪জনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি কালীগঞ্জ উপজেলায় ৬০জনকে মৌখিক ময়নাতদন্ত বিষয়ে প্রশিক্ষণ এবং ২০জনকে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নাধীন এলাকায় জন্ম নিবন্ধন শতকরা ৯৫ ভাগ এবং মৃত্যু নিবন্ধন শতকরা ৮৫ ভাগে উন্নীত হয়েছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে বিদ্যমান আদমশুমারী ব্যবস্থায় অমূল পরিবর্তন সাধিত হবে বলেও জানা যায়। এ জন্য ২০১৬ সালের শেষের দিকে স্বাস্থ্য খাতে কালীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
এরই অংশ হিসেবে মডেল উপজেলায় বুধবার সকাল থেকে দিনব্যাপী ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সিআরভিএস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রতিনিধি দল তিনটি ভাগে বিভক্ত হয়ে উপজেলার বোয়ালী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবা, নাগরী ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন ও নাগরী বাজার সংলগ্ন একটি মৃত বাড়িতে মৌখিক ময়নাতদন্ত বিষয় সম্পর্কে পরিদর্শন করেন। পরে মেঘবাড়ী রিসোর্টের সম্মেলনে বাংলাদেশের কৃষ্টি-কালচার নিয়ে দেশিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, বিবাহ, তালাক ও দত্তক এ ছয়টি বিষয়ই সিআরভিএসের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশ এক ছয়টি বিষয়ের পাশাপাশি জনগণের হস্থান্তর এবং শিক্ষাকে অন্তর্ভুক্ত করে সিআরভিএস নামে জনগণের সেবাপ্রদান প্রক্রিয়ায় বিশেষত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসমূহের সাথে একে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে। এজন্য একটি সমন্বিত সেবাপ্রদান ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
ইত্তেফাক/আরকেজি
