শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়ক কর্ণঝোড়া ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজের এক পাশে চলাচলের কিছু অংশ ভেঙে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। যেটি একেবারে পড়ে যাবে ব্রিজের নিচে নদীতে। ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। ব্রিজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল আরো বিপজ্জনক। সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে দীর্ঘদিন যাবত্ এ পরিস্থিতি থাকলেও আজও পড়েনি প্রশাসনের নজরে। ব্রিজের মেরামতসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার দাবি তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কর্ণঝোড়ার মেগাদল এলাকার ঢেউপা নদীর উপর ব্রিজটি নির্মাণ করা হয়েছে মাত্র কয়েক বছর আগে। এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। আর তাই কিছুদিনের মধ্যেই ব্রিজটির একাংশের পাটাতন ভেঙে পড়েছে। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ব্রিজটি নির্মাণের কোনো তথ্য আমাদের কাছে নেই।
সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজনু বলেন, এটি বর্ডার সড়ক। এ সড়কটি এখন খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজে কোনো দুর্ঘটনা হলে বন্ধ হবে সীমান্ত সড়কের চলাচল। এজন্য এটি দ্রুতই মেরামত করা প্রয়োজন।
ইত্তেফাক/নূহু
