পূর্বধলা জে এম পাইলট উচ্চ বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ০০:৪৩

মাধ্যমিক পর্যায়ে ২০১৮ সনে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ২৪ জানুয়ারী নেত্রকোনা জেলা শিক্ষা কমিটি এ ঘোষণা দেন। এর আগে ২০১৬ সালেও প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছিল।

জানা গেছে, প্রতিষ্ঠানটি ১৯১৬ সালে ২ একর ৪৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার পরিবারের লোকজন। সেই থেকে প্রতিষ্ঠানটি স্ব মহিমায় অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে শতবছর পেরিয়েছে। ২০১৬ সালে ডিসেম্বর মাসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে শতবর্ষ উৎসব পালিত হয়েছে।

বিদ্যালয়টি মানসম্পন্ন লেখা পড়াসহ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটসহ অন্যান্য সহশিক্ষাক্রমিক কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলছে। ২০১৭ সালে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার ফলাফল ছিল ৯৯জন এ প্লাসসহ ৯৭.৪১%। পরবর্তীতের তাদের মধ্যে ২০জন বৃত্তি পেয়েছে। খেলাধুলায় ফুটবলে ২০১৭ সনে জেলা চ্যম্পিয়ন এবং ক্রিকেটে রানার আপ হয়। বিদ্যালয়ের স্কাউট দলটি জেলার শ্রেষ্ঠ স্কাউট দল হিসেবে স্বীকৃত। ২০১৫ সালে ৩জন ও ১৬ সালে ১জন প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পেয়েছে।

এছাড়া ২০১৭ সালে ৭জন স্কাউট ৩ দিনের ক্যাম্পিং এ মনোনীত হয়েছে। আগামী ৬ই ফ্রেব্রয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ভারত যৌথ ক্যাম্পিং-এ অংশগ্রহণ করতে বিদ্যালয়ের ২টি ইউনিট ভারত সফর করবে।

২০১৫ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যালয়টিকে সরকারি করনের সম্মতি প্রদান করেছেন। বর্তমানের সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল প্রক্রিয়া সম্পন্ন করনের পর জিও’র অপেক্ষায় আছে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি প্রর্যন্ত বিজ্ঞান-মানবিক ও বাণিজ্য শাখা মিলিয়ে ১হাজার ৬১২ জন শিক্ষার্থীর পাঠ নিশ্চিত করতে খন্ডকালীনসহ ৩২জন শিক্ষক-শিক্ষিকা নিয়োজিত আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার জানান, শিক্ষার্থীদের মানসম্মত পাঠ নিশ্চিত করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবেন।

ইত্তেফাক/নূহু