আলমডাঙ্গা কলেজ সরকারিকরণে আনন্দ শোভাযাত্রা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৭:০১
 
আলমডাঙ্গাবাসীর প্রাণের কলেজ সরকারিকরণ হওয়ায় শহরজুড়ে বিশাল আনন্দ শোভাযাত্রা হয়েছে। কলেজের কয়েক শত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জেয়ার্দ্দার ছেলুন। সোমবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়।
 
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত আলমডাঙ্গা ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবি তুলে আসছিল এলাকাবাসী। স্থানীয় দাবির মুখে বিভিন্ন সরকারের আমলে সরকারিকরণের প্রতিশ্রতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান জাতীয় সংসদের হুইপ প্রবীণ নেতা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন সর্বশেষ কলেজটিকে জাতীয়করণের উদ্যোগ নেন। এরই মধ্যে সরকার সারাদেশে বেশকিছু কলেজকে সরকারিকরণের ঘোষণা দেয়। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ সেই তালিকায় স্থান পায়। 
 
২৪ জানুয়ারি (বুধবার) কলেজের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন কলেজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের অধীন ডিড অব গিফ্ট করে দেন। এর মধ্যে দিয়ে এলাকাবাসীর প্রাণের দাবি আলমডাঙ্গা ডিগ্রি কলেজ সরকারিকরণ হয়ে যায়।
 
সোমবার ছিল পুরো আলমডাঙ্গাজুড়ে উৎসবের আমেজ। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে হুইপ শোভাযাত্রার অগ্রভাগে থেকে শহরবাসীর আনন্দকে আরো উৎসবমুখর করে তোলেন। এই উৎসবে হাজার হাজার মানুষ অংশ নেন। 
 
ইত্তেফাক/আরকেজি