গাজীপুরে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। রবিবার রাতে জয়দেবপুর থানার এসআই আর্শাদ মিয়া বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।
এতে ১৭জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জেলা, মহানগর ও ওয়ার্ডসহ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, যুবদল, শ্রমিকদল এবং ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাদের মামলায় আসামি করা হয়েছে।
বাদী আর্শাদ মিয়া এজাহারে উল্লেখ করেন, রবিবার বেলা পৌনে ১২টার দিকে সংবাদ পান গাজীপুর শহরের ছায়াবিথি এলাকার ট্রাস্ট কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যৌথ সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীরা লাঠি, হকিস্টিক ও রড নিয়ে জোরপুকুর এলাকায় হামলা-পাল্টা হামলা এবং দোকানপাট ভাংচুর করছে।
টেম্পু, অটোরিকশা ও মোটরসাইকেল ভাংচুর এবং মোটরসাইকেলে আগুন দিয়ে আতংক সৃষ্টি করছে। এসময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তিনি ফোর্সসহ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাংচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ খবর দেওয়া হয়।
ইত্তেফাক/আরকেজি
