সুন্দরগঞ্জে ডিমের দরপতন, বিপাকে খামারিরা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৭
উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌর এলাকায়  সহস্রাধিক মুরগির খামার রয়েছে। এ সব খামারের ডিম এলাকার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু ডিমের দরপতন হওয়ায় খামারিরা বিপাকে পড়েছেন। 
 
জানা গেছে, ডিমের দাম ভাল পাওয়ায় সুন্দরগঞ্জে খামারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অনেকে মুরগির খামার দিয়ে স্বাবলম্বী হতে থাকেন। অনেক শিক্ষিত বেকার বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে মুরগির খামার দিয়ে বেকারত্ব ঘুচালেও গত ১০ মাস থেকে ডিমের দরপতন ঘটায় তারা বিপাকে পড়েছেন। 
 
বর্তমানে ডিমের বাজার মূল্য পাইকারী শতকরা হিসেবে ৫০০ থেকে ৫২০ টাকা হওয়ায় ডিম বিক্রি করে খামারিরা মুরগির খাদ্যের যোগান দিতেই পারছেন না। প্রতিদিন মুরগির খাদ্যের যোগান দিতে ঘর থেকে ভর্তুকি দিতে হচ্ছে।  এতে গত ১০ মাসে ৪ শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। এনজিও এবং ব্যাংক ঋণ পরিশোধ করতে তারা ব্যর্থ হচ্ছেন। 
 
খামার মালিক শাহজাহান মিয়া, মাসুদ আলম, আলমগীর হোসেন, সাইফুল ইসলামসহ অনেকে জানান, যে হারে ডিমের দরপতন হচ্ছে তাতে অচিরেই অনেক খামার বন্ধ হয়ে যাবে। 
 
ইত্তেফাক/ইউবি