সংবাদকর্মীদের জন্য ৮০ ভাগ মহার্ঘ ভাতা দাবি বিজেএফসিআই’র

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২০:৫৬
সংবাদ কর্মীদের জন্য দীর্ঘ প্রত্যাশিত নবম মজুরী বোর্ড গঠন করায় বাংলাদেশ জার্নালিষ্ট ফোরাম ফর কনজুমার্স অ্যান্ড ইনভেস্টরস (বিজেএফসিআই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে বিজেএফসিআই সাংবাদিক ও তাদের পরিবারের দুর্ভোগকে কমাতে অবিলম্বে ৮০ ভাগ মহার্ঘ ভাতা ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
বিজেএফসিআই মনে করে যে, সাম্প্রতিককালে কিছু অপরিহার্য পণ্যের মূল্যবৃদ্ধির ফলে ভোক্তাশ্রেণী বিশেষ করে কম আয়ের নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে। সাংবাদিকদের পরিবাররাও এই মূল্যবৃদ্ধির যাঁতাকলে পিষ্ট হচ্ছে। কারণ অধিকাংশ সংবাদপত্র ও সংবাদমাধ্যম কর্তৃপক্ষ মজুরি বোর্ডের নিয়ম মেনে তাদের কর্মচারীদের বেতন ও মজুরি পরিশোধ করছেনা।
 
বিজেএফসিআই এর সভার প্রস্তাবে বলা হয় যে, দেশের অর্থনীতি সঠিক পথে চলছে, কিন্তু কিছু অনিশ্চয়তা এবং দুর্বল পারফরম্যান্স যেমন রেমিটেন্স হ্রাস এবং কম রপ্তানি আয় অশনি সংকেত প্রদান করছে যা ভোক্তাদের জীবন-যাপন আরো ব্যয়বহুল করে তুলবে। আরো রেমিটেন্স আনতে, বাণিজ্যিক ব্যাংক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপারেটররা যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে রেগুলেটরদের পাশাপাশি সঠিক নীতি ও প্রবিধানের মাধ্যমে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ব্যাংক এবং বিটিআরসিকে একসঙ্গে কাজ করতে হবে যাতে ব্যাংক ও এমএফএস অপারেটররা যৌথভাবে ভূমিকা রাখতে পারে। 
 
বৈঠকে সভাপতিত্ব করেন দ্য ডেইলি অবজারভারের ইকনোমিক এডিটর ও বিজেএফসিআই এর চেয়ারম্যান ফারুক আহমেদ। বক্তব্য রাখেন বিজেএফসিআিই মহাসচিব ও বাসস’র বিশেষ প্রতিনিধি ইনামুল হক বাবুল, ভাইস চেয়ারম্যান ও দ্য ডেইলি সান এর নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কোষাধ্যক্ষ ও অ্যাসোসিয়েট নিউজ এডিটর আনিসুর রহমান, এশিয়ান এজ এর বিশেষ প্রতিনিধি পিআর বিশ্বাস, দৈনিক খোলা বাজারের সম্পাদক সাইদুল হোসেন শাহেদ, দৈনিক নয়া দিগন্তের জিলানী মিল্টন এবং বাংলাদেশ এক্সপ্রেসের চীফ রিপোর্টার জাহাঙ্গীর আলম। 
 
ইত্তেফাক/সেতু