স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সরকারি অর্থে কেনা অ্যাম্বুলেন্সের যেন অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অ্যাম্বুলেন্স যেন কোনো বিয়ের অনুষ্ঠানে না যায়। গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালকে অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, মোতাহার হোসেনসহ কয়েকজন সংসদ সদস্য ও সিভিল সার্জনের কাছে চাবি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ৫০০ অ্যাম্বুলেন্স দেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলা পর্যায়ে সিভিল সার্জন অফিসে ফান্ড থাকবে, সেটি দিয়ে অ্যাম্বুলেন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে।
টাঙ্গাইলের ধনবাড়ী, সিলেটের বিয়ানীবাজার, লালমনিরহাটের হাতিবান্ধা, খুলনার পাইকগাছা, কুমিল্লার বুড়িচং, পঞ্চগড়ের দেবিগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও মোল্লারহাট, পটুয়াখালীর বাউফল, নড়াইলের কালিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, মুন্সীগঞ্জের টুংগীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঠাকুরগাঁও সদর হাসপাতাল, মানিকগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।
সিএইচসিপিদের চাকরি স্থায়ী করতে আইন প্রণয়ন করা হবে
আন্দোলনরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের চাকরি স্থায়ী করার জন্য একটি নতুন আইন প্রণয়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি আইন প্রণয়নের কাজ শুরু করেছে।
গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন সরকারের এই উদ্যোগের পর সিএইচসিপিরা আন্দোলন প্রত্যাহার করে পুনরায় কাজে যোগ দিবেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. নঈম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
