বরিশালের গৌরনদীতে আজ (বৃহস্পতিবার) দুপুরে একটি যাত্রীবাহী বাসে জনতার হাতে ধরা পড়েছে অজ্ঞান পার্টির ২ সদস্য।
এরা হল মাদারীপুর জেলার চরমুগুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র জাকির হোসেন (৪০) ও গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রসিদ মোল্লার পুত্র জাহাঙ্গীর মোল্লা (৩২)। পরবর্তীতে তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের এক মাছ ব্যবসায়ী যশোর এলাকায় মাছবিক্রি করে ৪ লাখ ১৫ হাজার টাকা নিয়ে সেভেন ষ্টার নামক একটি বাসে চড়ে বরিশাল আসছিলেন। পথিমধ্যে তিনি ৪ সদস্যের অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তারা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যবসায়ীর সাথে থাকা টাকার ব্যাগ হাতিয়ে নেয়। এরপর ২ জন টাকার ব্যাগ নিয়ে কৌশলে বাস থেকে অন্য কোথাও নেমে যায়।
দুপুর দেড়টার দিকে বাসটি গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছুলে ব্যবসায়ী বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার পাসের সিটে বসা অজ্ঞানপার্টির ২ সদস্য জাকির হোসেন (৪০) জাহাঙ্গীর মোল্লা (৩২) কৌশলে নেমে যাওয়ার চেষ্টা করে। এতে অন্য যাত্রীদের সন্দেহ হলে তারা ওই ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অজ্ঞানপার্টির সদস্য বলে স্বীকার করে।
ব্যবসায়ীকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু
