নওগাঁর রাণীনগর ও সাপাহারে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটেছে।
নিহতরা হলেন, সাপাহার উপজেলার খেড়ন্দা গ্রামের ছায়েদ আলীর ছেলে লোকমান হোসেন (৩২) এবং অপরজন আত্রাই উপজেলার আমরুল জাতপাড়া গ্রামের মিঠন আলীর স্ত্রী ফেরদৌছি বিবি(২৬)।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাপাহার উপজেলার খঞ্জনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে রমজান আলী ও লেদ মিস্ত্রি লোকমান মোটরসাইকেল যোগে জবই এলাকা হতে সাপাহার সদরে আসছিলেন। ঘটনাস্থল মানিকুড়া কবর এলাকায় একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক লোকমান হোসেন মারা যান।
সাপাহার থানার ওসি শামছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে।
নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাপায় সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল আরোহী ফেরদৌছি বিবির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, নওগাঁ শহরের দিক থেকে মিঠন আলী তার স্ত্রী ফেরদৌছি বিবিকে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি আসছিলেন। ঘটনাস্থল রাণীনগর-আত্রাই সড়কের রাণীনগর উপজেলার বেতগাড়ী দূর্গাপুর মোড়ে পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক্টর জোরে ধাক্কা দেয়। এতে ফেরদৌছি মটরসাইকেল থেকে পরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যায়।
রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
