সরকার সেচ মওসুমে গ্যাস সংযোগ বন্ধ রাখায় জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্ ইউরিয়া উত্পাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার বুধবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য উত্পাদন বন্ধ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার সকালে কারখানা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন যমুনা সার কারখানার সিবিএ’র সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, নাগরিক সমাজের আহবায়ক ও ট্রাক ট্যাংকলরি শ্রমিক সমিতির সভাপতি মো: আব্দুল মোতালেব, জাতীয় শ্রমিক লীগ যমুনা সার কারখানা শাখার সভাপতি মুসলে উদ্দিন মুসলিম, সিবিএ শ্রমিক লীগের সভাপতি রবিউল ইসলাম, জাতীয় পার্টির নেতা আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তারা পেট্রোবাংলার চেয়ারম্যানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যমুনা সার কারখানা চালু করা না হলে জামালপুর জেলার সরকারি, বেসরকারি, আবাসিক, অনাবাসিকসহ সকল গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হবে। এ সময় বক্তারা সেচ মওসুমে গ্যাস সংযোগ বন্ধ না রাখা ও কারখানার উত্পাদন বন্ধ না করার জন্য প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন।
ইত্তেফাক/নূহু
