বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হল থেকে আতিকুর রহমান (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে হলের ৩৫৭/এ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিক মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার আতিকের ভাই ও ভাবিকে নিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করেন। পরের দিন শনিবার সকালে নাস্তা করে হলে এসে আতিক কক্ষ বন্ধ করে দেন। তার ভাই মোবাইলে না পেয়ে হলের সহপাঠীকে জানান। পরে সহপাঠীরা কক্ষের দরজা ভেঙে আতিককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডা. ফাহমিদা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন। আতিকুর রহমানের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জ ইউনিয়নে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হবে।
ইত্তেফাক/ইউবি
