ইত্তেফাক ডেস্ক
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ, ধর্ষক ও হত্যাকারী সিরাজ-উদ-দৌলার সর্বোচ্চ বিচার দাবিতে শনিবারও সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত ছিল। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পঞ্চগড়: উদীচী শিল্পী গোষ্ঠী বোদা উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সহকারী অধ্যাপক প্রবীর চন্দ নয়ন, প্রভাষক মাজেদুল ইসলাম আকাশ, মামুনুর রশীদ দুলু, শেখ আবুল হোসেন শীলন, রাহুল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে নারী যোগাযোগ কেন্দ্র নামে একটি সংগঠন। ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে এই সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, ঠাকুরগাঁও মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রোপদী দেবি আগরওয়ালা প্রমুখ
ভোলা: শহরের কে-জাহান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি। এ সময় বক্তব্য রাখেন ভোলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মাও. নুরে আলম, সাধারণ সম্পাদক মাও. তাজউদ্দিন ফারুকি, এনশিওর ল্যান্ডমার্কের ভাইস চেয়ারম্যান মাও. ওবায়েদ বিন মোস্তফা প্রমুখ।
রাজবাড়ী: মানববন্ধন করেছে বাংলাদেশ মানবিক ভলেনটিয়ারস্ নামে রাজবাড়ী জেলার একটি সংগঠন। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করা হয়। সংগঠনের শেখ মোমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম মিসুক, রুপা কর্মকার প্রমুখ।
জয়পুরহাট: জয়পুরহাটে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। এ সময় বক্তব্য রাখেন সিপিবি নেতা ও বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় সমন্বয়ক এমএ রশিদ, বাসদ নেতা ওবায়দুল্লাহ মুছা, ওয়ার্কার্স পার্টির মাহমুদুল করিম ও শামিউল ইসলাম বাবু। এছাড়াও জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে।
বাগেরহাট: বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বাগেরহাট সরকারি পিসি কলেজ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট মহিলা পরিষদের সহ-সভাপতি রহিমা জলিল, লিগ্যাল এইড সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, শাপলাফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি প্রমুখ।
ঝিনাইদহ: শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধনের আয়োজন করে সরকারি কেসি কলেজ ছাত্রলীগ। এ সময় বক্তব্য রাখেন সরকারি কেসি কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস ও ছাত্রলীগ নেতা লুবান মাহফুজ মিশুক, জিনাত জাহান সিথি, সানজিদা ইসলাম দিশা প্রমুখ।
কিশোরগঞ্জ: সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা জেলা শহরের স্টেশন রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে। মানবাধিকার নাট্য পরিষদ এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে। সংগঠনের জেলা শাখার সভাপতি অশোক সরকারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মু. আ. লতিফ, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, ফৌজিয়া জলীল ন্যান্সি, অ্যাডভোকেট শামসুন্নার কাজল প্রমুখ।
নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভা অফিস সড়কে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলোয়ারা বেগম, নারী নেত্রী কোহিনুর বেগম, অধ্যাপক নাজমুল কবির সরকার, কবি স্বপন পাল, উদীচীর সাবেক সম্পাদক রাতুল বিশ্বাস, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ। জেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
সুনামগঞ্জ: মানববন্ধন করেছে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন সুনামগঞ্জ। পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাশ, নারীনেত্রী ঝর্ণা ধারা, বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ড. লসকত দাশ প্রমুখ।
ভাণ্ডারিয়া (পিরোজপুর): ভাণ্ডারিয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাণ্ডারিয়া আঞ্চলিক শাখা প্রতিবাদ সভা করেছে। কমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশন ভাণ্ডারিয়া আঞ্চলিক শাখার সভাপতি মো. ছগির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সহ-সভাপতি ও মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, সমাজ কল্যাণ সম্পাদক ও আল গাজ্জালি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান আলমগীর, কমিশনের সহ-সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা কাজী ফজলুর রহমান, কমিশনের নির্বাহী সদস্য জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, কমিশনের নির্বাহী সভাপতি রিয়াজ মাহমুদ, মাদ্রাসা সুপার ও কমিশনের যুগ্ম সম্পাদক মো. সাইফুল্লাহ, আওয়ামী লীগ নেতা ও কমিশনের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক কমিশনের আন্তর্জাতিক সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
ছাগলনাইয়া (ফেনী): ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।
পলাশ (নরসিংদী): পলাশ উপজেলায় মানববন্ধনে করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি নামে একটি মানবাধিকার সংস্থা। উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুত্ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা (খুলনা): উপজেলা বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্ষিরোদ চন্দ্র বৈরাগী। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, রতন সাহা প্রমুখ।
পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করে উপজেলা নাগরিক অধিকার ফোরাম। পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র রোকনুজ্জামান রুকু, প্রফেসর খলিলুর রহমান প্রমুখ।
তিতাস (কুমিল্লা): উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসস্টেশনে মানববন্ধন করা হয়। সোশ্যাল ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন (এসফা) এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শওকত হোসেন টুলু, মো. কামরুজ্জামান প্রমুখ।
মধুখালী (ফরিদপুর): মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মানিক মজুমদার, সমাজ সেবক আবু সাঈদ মিয়া প্রমুখ।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রায় এক কি.মি. দীর্ঘ মানববন্ধন করেছে। ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, প্রধান শিক্ষক শাহজাহান কবির প্রমুখ।
সেনবাগ (নোয়াখালী): সেনবাগ থানা মোড়ে মানববন্ধন করে সেনবাগ উপজেলা ছাত্রলীগ, সেনবাগ পাঠাগার, সেনবাগের শাহাপুর রেনেসা বয়েজ ক্লাব, সেনবাগ স্টুডেন্ট কাউন্সিল, সেনবাগের সর্বস্তরের লোকজন ও সেনবাগ ছাত্র যুব সংগঠন।
কেশবপুর (যশোর): কেশবপুরবাসীর ব্যানারে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ১০ এপ্রিল চিকিত্সাধীন অবস্থায় নুসরাত মারা যায়।
