রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন পাঁচ বছর ধরে অকেজো পড়ে আছে। দীর্ঘদিন ধরে অপারেটরও নেই। এক্সরে মেশিনটি অকেজো পড়ে থাকায় হাসপাতালে আসা সাধারণ রোগীদের এর সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তারা বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র থেকে এক্সরে করায় গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা।
সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, এক্সরে মেশিন রাখা দুটি কক্ষই তালাবদ্ধ। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার(ভারপ্রাপ্ত) ডালিম কুমার রায় তালাবদ্ধ ৩শ এমএ এক্সরে কক্ষ খোলার পর দেখা গেছে পুরো কক্ষে ময়লা। পাশে ১শ এমএ কক্ষটি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
স্টোর কিপার (ভারপ্রাপ্ত) ডালিম কুমার রায় বলেন, পাঁচ বছর ধরে এক্সরে মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে। অপারেটরও নেই দীর্ঘদিন ধরে।
এখানে চিকিত্সা নিতে আসা মো. আলমগীর জানান, নলকূপ চাপতে গিয়ে আঘাত পেয়েছেন বুকে। হাসপাতালে তাকে নিয়ে এসেছেন এক স্বজন। কিন্তু হাসপাতালে এক্সরে না থাকায় বাইরে থেকে এক্সরে করাতে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এক্সরে যন্ত্র চালানোর জন্য অপারেটর নেই। যন্ত্র দুটির মধ্যে একটি কিছুটা ভালো থাকলেও হয়তো না চালানোর কারণে সেটিও নষ্ট হয়ে গেছে। জনবল ও এক্সরে যন্ত্র ঠিক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।
