বিশেষ প্রতিনিধি
বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস কোরা’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, গতকাল শনিবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে নৌবাহিনীর ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফররত জাহাজ ‘আইএনএস কোরা’-এর অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন। ভারতীয় নৌবাহিনী জাহাজের এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সৃদৃঢ় হবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি ১৫ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।
