নদ-নদী দখলমুক্ত করতে এবং নাব্য রক্ষায় সরকার সচেষ্ট —পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:১৯

নেত্রকোনা প্রতিনিধি

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, দেশের নদ-নদীগুলো দখলমুক্ত করা এবং নাব্য রক্ষায় সরকার সচেষ্ট। ইতিমধ্যে সরকার এ ব্যাপারে কাজ শুরু করেছে এবং যা দৃশ্যমান। পানি সম্পদ রক্ষায় সরকারের যা যা করা দরকার তার সবটুকুই করবে।

শনিবার নেত্রকোনার প্রধান নদী মগড়া পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মগড়া নদী প্রসঙ্গে তিনি বলেন, এই নদীর দুইপাড় বেদখল হয়ে গেছে, নদীর নাব্য রক্ষায় বা খনন করতে হলে চরে নির্মিত বাড়ি-ঘর আগে উচ্ছেদ করতে হবে। এজন্য তিনি জেলা প্রশাসন এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে দখলদারদের তালিকা তৈরির নির্দেশ প্রদান করেন।

প্রতিমন্ত্রী মগড়া নদী খনন এবং নাব্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মহা-পরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান প্রমুখ।