স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মোহাম্মদপুরে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার কথিত স্বামী। গতকাল সকালে পুলিশ খবর পেয়ে মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত নারীর শরীরে একাধিক কোপসহ আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্র জানায়, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই নারী ও তার কথিত স্বামী গত মাসে চান মিয়া হাউজিং এলাকার চার নম্বর রোডের একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তবে প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠে না। সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওই বাসা থেকে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে স্বামী পরিচয়ে ওই ব্যক্তি নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন। নিহত নারীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। নিহত নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রর মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অপর দিকে পালিয়ে যাওয়া ওই কথিত স্বামীর ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
