প্রশ্ন ফাঁস: গোবিন্দগঞ্জে দোকান মালিক আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৪
 
গোবিন্দগঞ্জে উত্তরপত্র ও হাতে লেখা প্রশ্নপত্রসহ ফটোকপি দোকানের মালিক কাজলকে আটক করেছে পুলিশ। এঘটনায় পুলিশ ফটোকপি মেশিন ও কম্পিউটার জব্দ করেছে।
 
পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন কাজল ডিজিটাল স্টুডিও অ্যান্ড ফটোস্ট্যাট দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে লেখা একটি প্রশ্নপত্র ও ৩৪টি উত্তরপত্রসহ কাজলকে আটক করে। কাজল  আকন্দ শাখাহার ইউনিয়নের আয়েজাবাদ গ্রামের মৃত ওহেদুল হক আকন্দের ছেলে এবং আয়জাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি। পুলিশ তার ফটোকপি মেশিন, কম্পিউটার জব্দ করে থানায় নিয়ে আসে।
 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দোকান থেকে উত্তরপত্র লিখে পরীক্ষার হলে সরবরাহ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
 
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি দোষী ব্যাক্তির শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। এজন্য ইউএনও ঘটনার সাথে জড়িতদের নাম দিয়ে সহযোগিতার করার আহ্বান জানান।
 
ইত্তেফাক/আরকেজি