শিমুলিয়া ঘাটে সতর্কতা, মহাসড়ক ফাঁকা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১১
বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার মামলার রায়'কে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বিশেষ সর্তকতা জারি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেইসঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
অন্যকোন যানবাহন না থাকায় শুধুমাত্র আটকে থাকা ট্রাক পারাপার হচ্ছে। ১৪টি ফেরি সচল রয়েছে। তবে যাত্রীবাহী বাস বা অন্যকোন জলযান নেই বলে জানান বিআইডব্লিউটিসির এজিএম শাহনেওয়াজ মো. খালিদ হোসেন। এদিকে মুন্সীগঞ্জ শহরে আওয়ামী লীগ শান্তিপূর্ণ মিছিল করে শহীদ মিনারে অবস্থান নেয়। তবে বিএনপিকে মাঠে দেখা যায়নি।
 
আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর প্রবেশ মুখ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে র‌্যাব পুলিশের টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। তবে সকাল থেকেই এই মহাসড়কে যাত্রী ও যানবাহনের সংখ্যা তুলনামূলক কিছুটা কম।
 
র‌্যাব-১১ মুন্সীগঞ্জের কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টহল অব্যাহত রয়েছে। কেউ যাতে মহাসড়কে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে। এদিকে বিএনপি যাতে কোন ধরনের বিশৃঙ্খালা না করতে পারে সেই জন্য জেলা আওয়ামী সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল করে মুন্সীগঞ্জ কাছারী কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে অবস্থান নেয়।
 
ইত্তেফাক/এসএস