গ্রেফতার আতঙ্কে হাটহাজারীতে বিএনপির বিক্ষোভ হয়নি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০১
পুলিশি গ্রেফতার আতঙ্কে বিএনপি'র ঘোষিত দুইদিনের বিক্ষোভ কর্মসূচির প্রথমদিন গতকাল শুক্রবারে হাটহাজারীতে কোন কর্মসূচি পালিত হয়নি। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে তিনভাবে বিভক্ত উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গ্রেফতার এড়াতে আগে থেকে গা ঢাকা দেয়। এর আগে গত সোমবার থেকে চলা অভিযানে অদ্যাবধি অন্তত ৭০ জন বিএনপি নেতা-কর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
 
সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে সারাদেশে দুই দিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার জুমার পর উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল। এর বিপরীতে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ সবকটি স্পটে পুলিশ অবস্থান করে। এছাড়া পুলিশের বেশ কয়েকটি টিম অব্যাহতভাবে উপজেলাধীন মহাসড়কে টহল জোরদার করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে। উপজেলার বিভিন্ন স্পটে বিশেষ করে হাটহাজারী মীরেরহাট এলাকা ও হাটহাজারী আধুনিক হাসপাতাল ভবনে থাকা উপজেলা বিএনপির কার্যালয় সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা থাকলেও সেখানেও কোন বিক্ষোভ হয়নি। শুধুমাত্র ১০ থেকে ১২জনের বিএনপি নেতা এস এম ফজলুল হকের অনুসারী ছাত্রদলের একটি গ্রুপ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করতে চাইলেও পুলিশের উপস্থিতি ঠের পেয়ে তারা দ্রুত সরে পড়ে।
 
এদিকে বিক্ষোভ কর্মসূচির ব্যাপারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
 
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পুলিশ যে কোন প্রকার নৈরাজ্য ও অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে দায়িত্ব পালন করে যাচ্ছে।
 
ইত্তেফাক/এসএস