এক সঙ্গে সাত সন্তান প্রসব বাঁচল না কেউই

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৫২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এক নারী ৭ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু জন্মের পরই একে একে ৫ শিশুর মৃত্যু হয়। পরে রাতেই মারা যায় বাকি দুই শিশু।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পাটোয়ারী বাড়ির বাসিন্দা প্রবাসী মো. রাজুর স্ত্রী নাজমা আক্তার (১৮) শুক্রবার রাত পৌনে দশটার দিকে শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন। ৭ সন্তানের মধ্যে ৪টি মেয়ে ও ৩টি ছেলে ছিল। একসঙ্গে ৭ নবজাতকের জন্মের খবর শহরে ছড়িয়ে পড়লে রাতেই স্থানীয় জনতা এক নজর শিশুগুলোকে দেখার জন্য হাসপাতালে ভিড় করতে থাকেন। কিন্তু সবাইকে হতাশ করে না ফেরার দেশে চলে যায় ৭ নবজাতকই।সিটি হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক ৭ সন্তানের জন্ম ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টা ২০ মিনিটে প্রসব বেদনা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হয়। ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন তিনি। মা নাজমা আক্তার সুস্থ থাকলেও ৭ সন্তান জন্মের পর থেকেই অসুস্থ ছিল। জন্মের কিছুক্ষণ পর ৭ সন্তানের মধ্যে ৫ জনই মারা যায়। বাকি ২ জনও রাতেই হাসপাতালে মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) জন্ম নেওয়া ৭টি শিশুই অসুস্থ ছিল। তাদের চোখও ফোটেনি। লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিত্সক ডা. মো. আবদুল্লাহ নওশের জানান, ওই শিশুদের সুস্থ করার অনেক চেষ্টা করেছি। কিন্তু তাদের সবার অবস্থা আশঙ্কাজনক থাকায় কাউকে বাঁচানো সম্ভব হয়নি।