নারায়ণগঞ্জে মাদক ক্রেতাদের বেদম প্রহারে আহত এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মোঃ আলী রাজু (৩৫) নামে ওই মাদক ব্যবসায়ী মারা যায়। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রাজুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল বলে নিশ্চিত করেছেন তার মা মমতাজ বেগম।
নিহত রাজু মাত্র ১৫ দিন আগে একটি মাদক মামলায় জামিনে মুক্ত হয়েছিল। সে জামতলা ধোপাপট্টি এলাকার মৃত মকফর আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত রাজুর এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে জানায়, গত বুধবার রাতে নগরের জামতলা ধোপপট্টি এলাকায় রাজুর কাছে ইয়াবা কিনতে আসে আদ্বীপ, মেহেদী, জনিসহ ৪ যুবক। ওই সময় ৬পিস ইয়াবা কিনে তারা রাজুকে একশ টাকা দাম কম দেয়। ওই সময় রাজু ইয়াবা দিতে অস্বীকৃতি জানায়। তখন ইয়াবা কিনতে আসা ৪ যুবক ইয়াবাগুলো একশ টাকা কমেই দিতে রাজুকে শাসায়। রাজু তাতে কর্ণপাত না করলে ওই ৪ যুবকের একজন ফোন করলে ১০/১৫ জন যুবক মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে যায়। তারপর সবাই মিলে রাজুকে বেদম মারধর করে সঙ্গে থাকা মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে রাজু পার্শ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়েও রক্ষা পায়নি। ওই যুবকরা রাজুকে পুকুর থেকে তুলে সহযোগী রিপনসহ অপহরণ করে জামতলার অপর অংশ হাজী হায়দার আলী রোডের একটি বহুতল ভবনের নিচতলায় নিয়ে যায়। সেখানে নিয়ে দ্বিতীয় দফায় রাজুকে বেধড়ক মধ্যরাত পর্যন্ত পেটানো হয়। এক পর্যায়ে ফতুল্লা পুলিশকে খবর দিয়ে রাজুকে পুলিশে সোর্পদ করতে বলে একদল যুবক।
নিহত রাজুর মা মমতাজ বেগম ও স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, 'রাজুকে মারধর করা হচ্ছে শুনে গত বুধবার মধ্যরাতে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বেশ কিছু যুবক রাজুকে এলোপাতাড়ি মারধর করছে। ওই সময় যুবকদের পায়ে জড়িয়ে ধরে আমরা (মা ও স্ত্রী) রাজুর প্রাণভিক্ষা চাই। কিন্তু তাতেও তাদের মন গলেনি। এক পর্যায়ে পুলিশ এলে রাজু ও তার বন্ধু রিপনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করতে চায়নি। অবশেষে পুলিশ একটি টেলিফোন পেয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আহত রাজুকে প্রথমে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার ভোরের দিকে তাকে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।'
বৃহস্পতিবার সকালে রাজুর স্ত্রী প্রিয়াঙ্কা ফতুল্লা মডেল থানায় গিয়ে রাজুকে সকালের নাস্তা দিতে চাইলে পুলিশ তাকে নাস্তা দিতে দেয়নি। ওই দিনই সকালে তাদের দু’জনকে মাদকসহ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজু ও রিপনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর পরই রাজুর অবস্থার অবনতি ঘটে।
নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, মোঃ আলী রাজুকে ফতুল্লা মডেল থানার একটি মাদক মামলায় গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর পরেই সে অসুস্থ হয়ে পড়লে নিয়ম অনুযায়ী তাকে প্রথমে নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার শুনতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, গত বুধবার মধ্যরাতে স্থানীয় এলাকাবাসী মোঃ আলী রাজু ও রিপন নামে ২ মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। তাদের পরদিন আদালতে পাঠানো হলে রাজু কারাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর ঢাকা মেডিকেল কলেজে সে শনিবার সকালে মারা যায়।
ইত্তেফাক/নূহু
