স্মৃতির টানে আজ ময়মনসিংহ যাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০০:৫২

ময়মনসিংহ প্রতিনিধি

স্মৃতির টানে আজ ময়মনসিংহে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে থেসারিং। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। লোটে থেসারিং ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, আজ বেলা ১০টা ৪০ মিনিটে লোটে থেসারিং হেলিকপ্টারে ময়মনসিংহে অবতরণ করবেন। বেলা ১১টায় তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মিলনায়তনে উপস্থিত থাকবেন। লোটে থেসারিংয়ের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরে তিনি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিবেন। অনুষ্ঠানে ময়মনসিংহে কর্মরত সরকারি কর্মকর্তা ও শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া লোটে থেসারিংয়ের ৭৭ জন সহপাঠীও উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ থেকে ভুটানে বিশেষজ্ঞ চিকিত্সক নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।

ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সফরটি রাষ্ট্রীয় সফর। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে তিনি পড়াশোনা করেছেন। নিজের অতীত শিক্ষা প্রতিষ্ঠানের টানেই তিনি ময়মনসিংহ আসছেন। লোটে থেসারিংয়ের সঙ্গে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীও থাকবেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হন লোটে থেসারিং। তিনি এমবিবিএস কোর্স শেষ করে আরো একটি প্রশিক্ষণ নেন ময়মনসিংহে। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছিলেন।