কাহালুতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৩
বগুড়ার কাহালু উপজেলার তিনদিঘী-নামুজা সড়কের বারমাইলে জহুরুল মেম্বারের চাতালের পাশে ট্রাকের চাপায় সারওয়ার জাহান (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, নিহত সারওয়ার জাহান ঘটনার দিন সকালে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ভাদাহার গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। মোটরসাইকেলে চড়ে তিনদিঘী-নামুজা সড়ক দিয়ে নওগাঁ যাবার পথে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক সারওয়ার জাহান রাস্তার উপরে ছিটকে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 
 
নিহত সারওয়ার জাহান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার কলেজপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুস ছাত্তারের ছেলে বলে জানা গেছে। 
 
কাহালু থানার এসআই আবু হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/কেকে