ফরিদপুর কোতয়ালী থানাধীন চরকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫টি পেট্রোল বোমা ও ৯০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সদস্য। আজ রবিবার সকালে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- মো. শাহারিয়ার হোসেন শান্ত (২২)। তিনি ফরিদপুর শহরের ১ নম্বর গোয়ালচামট সড়কের মো. শাহাদত হোসেনের ছেলে।
র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শিবলু শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে খড়ের গাদা থেকে এ পেট্রোল বোমা ও ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. শাহারিয়ার হোসেন শান্তকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি অস্ত্র মামলা, ৪টি মাদক মামলা ও ২টি অন্যান্য মামলাসহ সর্বমোট ৭টি মামলা চলমান রয়েছে। তিনি দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।
এ সংক্রান্তে র্যাব বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি বিষ্ফোরক ও একটি মাদক আইনে মামলা করেছে।
ইত্তেফাক/কেকে
