বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, ৫৭ ধারার পরিবর্তে ৩২ ধারা দিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়নি। কারণ ৫৭ ধারার সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে দেয়া হয়েছে ৩২ ধারার মধ্যে।
খুলনা প্রেসক্লাব চত্বরে রবিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
ঘাতকের হাতে নিহত সব সাংবাদিক হত্যার বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
নবম ওয়েজবোর্ড ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নের পথে যারা অন্তরায় সৃষ্টি করেছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
বিএফইউজে আয়োজিত সমাবেশ পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি এসএম জাহিদ হোসেন। এতে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, আবু তাহের চৌধুরী, আতাউল করীম, এম এ সালাম, শহিদুল আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, একে হিরু, সাধারণ সম্পাদক সাহেব আলী, কেইউজের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
