ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে প্রিয়া বিশ্বাস নামে এক গৃহবধূকে হত্যার পর তার স্বামী লাশ গুম করার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার দাউদপুর এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। শনিবার সকালে নিহতের চাচা পৌল বৌদ্য রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত প্রিয়া বিশ্বাস খুলনা জেলার সদর থানার ছোট খালপাড় মহির বাড়ি এলাকার আশিষ বিশ্বাসের মেয়ে। পৌল বৌদ্য জানান, দুই বছর পূর্বে তার ভাতিজি প্রিয়া বিশ্বাসকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বানিয়ারচর এলাকার সুকুমার মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে সঞ্জয় মণ্ডল প্রিয়া বিশ্বাসকে নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার রাতে প্রিয়া বিশ্বাসকে স্বামী সঞ্জয় মণ্ডল হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে মাইক্রোবাস যোগে গোপালগঞ্জের মুকসুদপুর বানিয়ারচর তালবাড়ি এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে দ্রুত সত্কারের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে প্রিয়ার মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন ও নাক দিয়ে রক্ত বের হতে দেখতে পায়। সঞ্জয় মণ্ডলকে মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে এ ঘটনা মুকসুদপুর থানা পুলিশকে জানালে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় শনিবার সকালে পৌল বৈদ্য বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
