হামলায় আহত একজনের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৪
 
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ইউনুস সিকদার (৫০) নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
ইউনুস সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের হামদু সিকদারের ছেলে।
 
পুলিশ জানায়, ইউনুসের ভাতিজা ও আজিবর সিকদারের ছেলে দলিল সিকদারের (২১) সঙ্গে ৬ ফেব্রুয়ারি সকালে তবি শেখের ছেলে ইউসুফ শেখের (২২) হাতাহাতির ঘটনা ঘটে। এলাকায় নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে মোবাইল ফোনে বাকবিতণ্ডা ও হুমকি-ধামকির ঘটনা ঘটে। এসময় একে অপরকে দেখে নেয়ারও হুমকি দেন।
 
ওইদিন দুপুর দেড়টার দিকে ইউসুফ শেখের লোকজন রামদা ও দেশিয় অস্ত্র নিয়ে ইউনুসের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা ইউনুস ও দলিলকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে চলে যায় তারা। এসময় বেশ কিছু বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর চালানো হয়।
 
আহতদের প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউনুসকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা ৭ ফেব্রুয়ারি তাকে খুলনা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এছাড়াও আহত দলিল গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল বলেন, ‘এ ঘটনায় ২৪জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫জনের বিরুদ্ধে শনিবার মামলা করা হয়েছে। এখন মামলার তদন্ত চলছে। এরই মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’
 
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. সেলিম রেজা বলেছেন, ‘এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। আসামিপক্ষ পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’
 
ইত্তেফাক/আরকেজি