ভালোবাসা দিবসে প্রিয়জন কিংবা অতিথি আপ্যায়নে চাই মজাদার খাবার। আপনি চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন ঝাল মিষ্টিজাতীয় সুস্বাদু খাবার।
সুইট হার্ট বাইটস
উপকরণ :পাউরুটি ২ পিস, ঘি ২ টেবিল চামচ, ছানা ১ কাপ, চিনি স্বাদমতো, এলাচ গুঁড়া ১ চিমটি, ক্রিম চিজ ২ টেবিল চামচ, খাওয়ার লাল রং।
প্রণালি :একটা প্যানে ঘি নিয়ে একটু গরম হলে পাউরুটি ২ পিস ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ৫/৬ মিনিট নেড়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এবার পাউরুটিগুলো হার্ট শেপ বিস্কুট কাটার দিয়ে কেটে হালকা ছেঁকে নিতে হবে এবং ছানার মিশ্রণটার উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন ভিন্নধর্মী মিষ্টি সুইট হার্ট বাইটস।
লাভ স্যান্ডউইচ
উপকরণ :মাংসের কিমা ২০০ গ্রাম, ছোট সাইজের পেঁয়াজ ২টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লঙ্কার গুঁড়া ১ চা চামচ, সামান্য হলুদ, সাদা তেল আড়াই চামচ, ধনেপাতা কুচোনো, লবণ আন্দাজমতো, মাখন ৮ চা চামচ, পাউরুটি ৮ পিস।
প্রণালি : প্রথমে মাখন, পাউরুটি, ধনেপাতা বাদে বাকি সব উপকরণ ভালো করে তেলে কষে নিতে হবে। এবার এতে সামান্য জল দিতে হবে। ভালো করে কিমা সিদ্ধ হলে পানি কড়াইতেই শুকিয়ে নেবেন। পানি শুকনো হলে তাতে ধনে পাতা মিশিয়ে দিন। এবার এটা ঠাণ্ডা করুন। পাউরুটির ওপরে মাখন লাগান। একটার ওপরে পুরটা দিয়ে অপর আরেকটা পাউরুটির স্লাইস চাপা দিন। পুর দেওয়া হলে ছুরি দিয়ে হার্টের আকার করে কেটে নিন। এরপর সস দিয়ে স্যান্ডউইচের ওপর হার্টের চিহ্ন আঁকুন। এতে দেখতে ভালো লাগবে। এবার পরিবেশন করুন।
ভ্যালেন্টাইন পুডিং
উপকরণ :পুডিং তৈরির জন্য :১ কাপ ঘন তরল দুধ, ৪টি ডিম, ১ কাপ ক্রিম চিজ, আধা কাপ চিনি, ১ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স, বাদাম গুঁড়া ১ টেবিল চামচ।
ক্যারামেল তৈরির জন্য :আধা কাপ চিনি, ৩ টেবিল চামচ গরম পানি।
প্রণালি :একটি প্যানে ক্যারামেল তৈরির উপকরণ যোগ করে মাঝারি তাপে জ্বাল দিন। সোনালি রং হওয়া শুরু করলে যখন গাঢ় হবে তখন চুলা থেকে দ্রুত সরিয়ে নিয়ে হার্ট শেপ পুডিং তৈরির পাত্রে ঢেলে ছড়িয়ে দিন। এরপর ক্যারামেল একপাশে ঠাণ্ডা হতে দিন। এবার ব্লেন্ডারে পুডিং তৈরির উপকরণ নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। মিশ্রণটি পাত্রের ক্যারামেলের উপর ঢালতে হবে। ফয়েল পেপার মুড়িয়ে অথবা শক্ত ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিতে হবে। একটি বড় হাঁড়িতে পানি দিয়ে পুডিংয়ের পাত্রটি সাবধানে রাখতে হবে। হাঁড়ির পানি পুডিং পাত্রটির ১/৩ পূর্ণ করবে। ৪০ মিনিট অল্প আঁচে রেখে, নামিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে। ঠাণ্ডা করে পাত্রটির উপর একটি প্লেট বসিয়ে উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে পরিবেশন করুন।
লাভ চিকেনকাটলেট
উপকরণ :মুরগির মাংস (হাড়ছাড়া)। মাংস হালকা হাতে ছুরি দিয়ে কেঁচে নিন ভালো করে। তবে মাংস যেন বেশি ভর্তা না হয়ে যায়। টমেটো সস ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, সরষের গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, লবণ পরিমাণমতো, ওয়েসটার সস ২ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ, ডিম ১টি, টোস্ট বিস্কুটের গুঁড়া ও তেল ভাজার জন্য পরিমাণ মতো।
প্রণালি :টোস্টের গুঁড়া বাদে সব মশলা একসঙ্গে মেশান। মেশানো মশলায় মুরগি ভালোভাবে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। প্রত্যেক টুকরো মাংস টোস্টের গুঁড়ায় গড়িয়ে কাটলেটকে হার্টের আকার দিন। টোস্টের গুঁড়ার সঙ্গে খানিকটা কর্নফ্লক্স গুঁড়া মিশিয়ে নিলে কাটলেট হবে আরও মুচমুচে। গরম তেলে কাটলেট বাদামি করে ভেজে তুলুন। হয়ে গেল মজাদার মুচমুচে লাভ চিকেন কাটলেট। এবার গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন।
