জয়পুরহাটের বিভিন্ন স্থানে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, নাশকতার জন্য পরিকল্পনা চলছে গোপনে এমন খবর পেয়ে পুলিশ জয়পুরহাট শহরের স্টেশন ও সবুজনগর এলাকায় অভিযান চালায়। পুলিশ এ সময় জেলা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামকে (৩২) সবুজ নগরের বাড়ি থেকে আটক করে। পুলিশকে দেওয়া তথ্য মোতাবেক বাড়ি তল্লাশি চালিয়ে তার শয়ন কক্ষ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, 'নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই ছাত্রদল কর্মী বেলায়েত হোসেন বেনু (২৫), এমরান হোসেন (২০), জাকারিয়া হোসেন (১৮), মোসাব্বির হোসেন (১৮), জাহিদ হোসেন (১৯) ও মমিনুর ইসলাম বাপ্পিকে (২১) আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। আটককৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এসএস
