ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৮ম এয়ারক্রাফট

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে ড্যাশ ৮-কিউ৪০০ মডেলের নতুন একটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির উড়োজাহাজের সংখ্যা ৮-এ উন্নীত হলো। 
 
উড়োজাহাজটি মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। 
 
এ সময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক এম জি তৌহিদ, পরিচালক ফ্লাইট অপারেশন মসিউল আজম, পরিচালক কাস্টমার সার্ভিস এ কে এম জুনায়েদ, জিএম কাস্টমার সার্ভিস ইমরান আহমেদ, জিএম অপারেশন জুলফিকার আলী, জিএম মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশন মো. কামরুল ইসলাম, জিএম প্রকিউরমেন্ট তোফিকুল হকসহ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 
 
কানাডার মন্ট্রিল থেকে ইউএস-বাংলার ক্যাপ্টেন আবিদ সুলতান, ক্যাপ্টেন লুৎফর রহমান ও ফার্স্ট অফিসার মারুফ আহমেদ নতুন সংযোজিত ফ্লাইটটি পরিচালনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করান। অবতরণের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিইও ইমরান আসিফ ক্যাপ্টেনদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 
 
ইত্তেফাক/ইউবি