নড়াইলে দিনে-দুপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৬
উপজেলা আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সস্পাদক ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সেটেরমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
 
তিনি দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত. গোলাম রসুল শেখের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে বৃহস্পতিবার সকালে হাটবাজার ইজারা সংক্রান্ত কমিটির সভাসহ কয়েকটি সভা ছিল। প্রথমে হাটবাজার-বালুমহল ইজারা সংক্রান্ত কমিটির সভা শেষ হলে কয়েকজন চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে চা-নাস্তা খাচ্ছিলেন। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশ নিজেও তাদের সাথে বসে নাস্তা করছিলেন। নাস্তা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যাংকে যাবার কথা বলে বের হয়ে সেটেলমেন্ট অফিস সামনে আসলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পলাশকে প্রথমে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনুর নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সংবাদ পেয়ে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ইউপি চেয়ারম্যানের লাশ দেখতে হাসপাতালে যান।
 
প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লতিফুর রহমান পলাশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। 
 
ইত্তেফাক/আরকেজি