দূরপাল্লার ট্রেন সফরে কত রকম অভিজ্ঞতাই না হয়! তবে এমন ঘটনার কথা সচরাচর শোনা যায় না। এক যাত্রীর নাক ডাকার বিকট শব্দে ঘুম ছুটেছিল ট্রেনের থার্ড এসি কোচের বাকি যাত্রীদের। বেশ কিছুক্ষণ চেষ্টার পর বাধ্য হয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন কয়েকজন যাত্রী।
যেমন ভাবা তেমন কাজ। যার নাক ডাকার শব্দে বিপত্তি, সেই যাত্রীকে ডেকে তুলে অভিযোগ জানান বাকি যাত্রীরা। পাল্টা তর্ক জুড়ে দেন ওই যাত্রীটিও। কিন্তু শেষমেশ চাপে পড়ে মেনে নেন বাকি যাত্রীদের দেয়া ‘শাস্তি’।
কী সেই শাস্তি? বাকি রাতটুকু জেগেই কাটাকে হবে তাকে। ঘুমিয়ে পড়লে চলবে না। ঘুমিয়ে পড়লে কেউ না কেউ ডেকে তুলে দেবে তাকে।
গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে এলটিটি-দ্বারভাঙ্গা পবন এক্সপ্রেসে। যার নাক ডাকা নিয়ে এত কাণ্ড সেই যাত্রীর নাম রামচন্দ্র। ‘শাস্তি’ হিসেবে তাকে বাকি রাতটুকু জেগেই কাটাতে হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন পশ্চিম মধ্য রেলের জব্বলপুর ডিভিশনের প্রধান টিকেট পরীক্ষক গণেশ এস বিরহা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ জব্বলপুর থেকে টিকিট পরীক্ষকের দায়িত্ব নিয়ে এই কোচে উঠে এই ঘটনার কথা জানতে পারেন। আনন্দবাজার পত্রিকা।
ইত্তেফাক/আনিসুর
