মুক্তিযুদ্ধের বইয়ে আগ্রহ বাড়ছে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৪৮

প্রকাশকরা জানালেন আশাপ্রদ খবর। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের সবচেয়ে বড় ক্রেতা তরুণ ও কিশোররা। মুক্তিযুদ্ধকেন্দ্রিক রচনার প্রতি সব বয়সী পাঠকের আগ্রহ থাকলেও নবীনদের আগ্রহের মাত্রাটা অনেক বেশি। ফলে প্রকাশকরাও এসব বই প্রকাশে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠছেন। সেই সূত্র ধরে প্রতিবছরই মেলায় আসছে মুক্তিযুদ্ধবিষয়ক নতুন নতুন বই। তথ্যসংবলিত বইয়ের পাশাপাশি গল্প-উপন্যাস কিংবা কবিতার চরণেও উঠে আসছে একাত্তরের বীরত্বগাথা।

মেলা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি স্টলেই মুক্তিযুদ্ধ বিষয়ক বই। মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের প্রতি পাঠকের সহজাত আগ্রহ রয়েছে। তাম্রলিপি প্রকাশ করেছে ৬৪ জেলার ৬৪ খন্ডে ‘কিশোর মুক্তিযুদ্ধের ইতিহাস’। প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি বলেন, মুক্তিযুদ্ধের এই বইয়ের প্রতি তরুণদের আগ্রহ অনেক।

মেলায় মুক্তিযুদ্ধের বই:এবারের একুশের গ্রন্থমেলায় পনের দিনে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাসের দেড় শতাধিক নতুন বই প্রকাশ পেয়েছে। গবেষণামূলক এইসব বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাসের গ্রন্থও রয়েছে।  মেলায় প্রকাশিত উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের বইগুলোর মধ্যে রয়েছে ড. মুনতাসীর মামুন সম্পাদিত ‘একাত্তরের বিজয় গাথা’, তারেক মাসুদ সম্পাদিত ‘মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’, ড. মোহাম্মদ হান্নানের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: কিশোর ইতিহাস’, শামসুজ্জামান খান সম্পাদিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : বহুমাত্রিক বিশ্লেষণ’, মেজর রফিকুল ইসলামের ‘শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম’,  সৈয়দ মনজুরুল ইসলামের ‘ আমাদের সাহিত্যে মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ’, আবুল মাল আবদুল মুহিতের ‘মুক্তিযুদ্ধের রচনাসমগ্র’ ও  ড.আবদুল ওহাবের ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : ইতিহাস ও তত্ত্ব’।  জাদুঘরের ট্রাস্টি ও প্রকাশক মফিদুল হক বলেন, এটা খুবই আশার বিষয় যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বই মেলায় প্রকাশ পাচ্ছে। লেখক-শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের উপর এত বই প্রকাশ পেয়েছে, অন্য কোন দেশে এত বই প্রকাশের নজির নেই।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সেজন্য শিশুপ্রহর ঘোষণা করেছে বইমেলা কর্তৃপক্ষ। বইমেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এছাড়া সকালে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

নতুন বই:গতকাল নতুন বই প্রকাশিত হয়েছে ১৪৪টি। এরমধ্যে অনন্যা এনেছে মহাদেব সাহার ‘গদ্যসমগ্র ৩’, চন্দ্রাবতী এনেছে সেলিনা হোসেনের ‘লারার মেঘের ভেলা’। গতকাল বইমেলায় নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মেলায় আকাশ প্রকাশনী থেকে তার নয়টি বই প্রকাশিত হয়েছে। স্টলে ভক্তদের অটোগ্রাফ দিতে দিতে এরশাদ বলেন, ‘আমাকে অনেকে কবি বলেন না। আমিও বলব না আমি কবি। আমার লেখা পড়লে বুঝবেন আমার মনে কত ব্যথা, কত সুর, কত আনন্দ।’

মেলামঞ্চে অনুষ্ঠান:গতকাল বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম মুস্তাফা। আলোচনায় অংশগ্রহণ করেন আহমদ কবির, সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং এম আবদুল আলীম। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইত্তেফাক/নূহু