আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতি জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট এবং হূদরোগীদের জন্য করনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপন করা হবে। গতকাল শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউরোলজি সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও সম্প্রতি কিডনি রোগের প্রকোপ বাড়ছে। জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করার মাধ্যমে রোগীরা নিজ জেলায় সেবা পাবেন। সংকটাপন্ন রোগীকেও জেলা পর্যায়ে সিসিইউ সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে সরকার।
বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আদালতের মাধ্যমে জেলে গেছেন, আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে যাবেন।
সোসাইটির সভাপতি ডা. এস এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের রুহের মাগফেরাত কামনায় গতকাল এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরান খতম ও বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অংশ নেন। এরপর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মরহুম ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ইস্কাটন গার্ডেন রোডের বাসায় যান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ইত্তেফাক/নূহু
