সাভারে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০০

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। নিহত ওই যুবকের নাম শরিফ হোসেন (১৮)।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরিফ ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। সে সাভার পৌর এলাকার বক্তারপুর এলাকায় একটি বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শরিফ হোসেন বক্তারপুর এলাকায় একট জুতা তৈরির কারখানায় চাকুরী করতেন। কারখানায় কাজ শেষ করে তিনি বিকেলে বাসায় চলে আসেন। সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর তাকে স্থানীয় বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। এ সময় অপর এক শ্রমিক শরিফকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে স্কুল মাঠে ফেলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুটি চলছে।

ইত্তেফাক/নূহু