চলতি মৌসুমে উড়ন্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামাল তৃতীয় সারির দল উইগান অ্যাথলেটিক। সোমবার রাতে পঞ্চম রাউন্ডের খেলায় ১-০ ব্যবধানে হারের মাধ্যমে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। বিরতির আগে মিডফিল্ডার ফ্যাবিয়ান দেলফ লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় ম্যানসিটি। সেই সুযোগে উইগান জয় তুলে নেয়। খেলার ৭৯ মিনিটে রাইট ব্যাক কাইল ওয়াকারের ভুলে জয়সূচক গোলটি করেন উইল গ্রিগ।
এই হারের জন্য পেপ গার্দিওলা নিজেদের ভুলকেই দায়ী করছেন। তবে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘এই ধরনের ম্যাচ ফাইনালের মতো। সেক্ষেত্রে আপনাকে কোনো ভুল করলে মাশুল দিতে হবে। আমরা ফলাফলটা মেনে নিচ্ছি। উইগানকে অভিনন্দন।’
এর আগে ২০১৩ সালের এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়েই শিরোপা জিতেছিল উইগান। এর পরের বছর কোয়ার্টার ফাইনালে একই দলের কাছে হেরেছে ম্যানসিটি। সেই পচা শামুকেই এবার পা কাটল। কোয়ার্টারে উইগানের প্রতিপক্ষ সাউদাম্পটন।
ইত্তেফাক/কেআই
