নিখোঁজের চারদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫১
টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের চারদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিম পাড়ার একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাঙ্কি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম শামসুজ্জামান খান পটল (৪৮)। বাবা মৃত খোরশেদ আলী খান। পটলের মাসহ পরিবারের একাধিক সদস্য আমেরিকায় বসবাস করেন। তার বাড়ি একই এলাকায়।
 
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এস এম তুহিন জানান, শামসুজ্জামান খান পটলের মারামারি সংক্রান্ত একটি মামলায় গ্রেফকারি পরোয়ানা ছিল। বেশ কিছুদিন যাবৎ তিনি পলাতক ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খোঁজে পাচ্ছিল না। আজ দুপুরে একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাঙ্কিতে লাশের পা দেখতে পান তার স্ত্রী নাহার খান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি এবং মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে