সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৫
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় তানভির হাসান পায়েল নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার 'আড়াইপাড়া কচুয়া সড়কের' হাজিপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লিয়ন নামে অপর এক ছাত্র আহত হয়।
 
নিহত পায়েল উপজেলার আড়াইপাড়া গোলাবাড়ি গ্রামের ব্যবসায়ী বশির আহম্মেদের ছেলে এবং কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে পায়েল মোটরসাইকেল চালিয়ে তার সহপাঠী লিয়নকে নিয়ে কচুয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে আড়াইপাড়া কচুয়া সড়কের হাজিপাড়া ব্রিজের কাছে পৌঁছুলে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনই আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় পায়েলের মৃত্যু হয়। এঘটনায় পায়েলের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/এসএস