এক টুকরো সবুজ স্বর্গ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৭:৪৬
ঘরে যদি একটু সবুজের পরশ থাকে তবে মনে চলে আসে নির্মলতার ছোঁয়া। গৃহের সুখ মনে নিয়ে আসে প্রশান্তি, জীবনটাকেই অন্যভাবে দেখতে শেখায়। ঘরে থাকা একট টুকরো সবুজ, মন ভালো করে দেয়, প্রাণে লাগে সজীবতার পরশ। তাই ঘরে একটু ফুলের গাছ, সবুজ পাতার উপস্থিতি আপনার গৃহসজ্জার রূপই শুধু বদলে দেবে না, সেই সঙ্গে বদলে দেবে মনের সজ্জাও। তাই একটু পরিপাটি গৃহে এখন সবুজ হাসে নানা রঙের টবে। ফ্ল্যাটবাড়ির ছোট পরিসরেই আটকে গেছে আমাদের জীবন। জীবনকে সজীব রাখতে সবুজের সংস্পর্শে থাকতে হয়। এতে মন ও শরীর প্রশান্ত থাকে। ঘরের কোণে একটা অংশজুড়ে রাখতে পারেন ছোট ছোট গাছ। যা ঘরের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে মনেও আনন্দ আনবে। সব রকমের গাছ ঘরের গুমোট পরিবেশে বেড়ে ওঠে না। তাই গাছ নির্বাচনের ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে—কোন কোন গাছ কম আলো ও বাতাসে বেড়ে ওঠে। ঘরের যে অংশে পর্যাপ্ত আলো-বাতাস আসে সেই অংশে গাছ রাখুন। শোবার ঘরে গাছ না রাখাই ভালো বা রাখলেও ছোট গাছ রাখা উচিত। কারণ রাতে গাছ কার্বন-ডাই-অক্সাইড ছাড়ে, ফলে ঘরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যেতে পারে। ঘরে রাখার জন্য যেসব গাছ উপযোগী তার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পাতাবাহার, মানিপ্ল্যান্ট, ক্যাকটাস, আইল্যান্ড স্টার, গ্রিন লিফ, বাঁশ পাতা, চাইনিজ পাম, সিলভার কুইন, ফাইকাস, এরিকা পাম, সাদা কচু, ডেজার্ট রোজ ইত্যাদি। অর্কিডের মধ্যে রয়েছে ডেন্ডোরিয়াম, মোকারা, অনসিডিয়াম, ক্যাটালগ অর্কিড। ঘরের পাশের ঝুলন্ত বারান্দা হোক অথবা আপনার শোবার ঘর, সবখানেই রাখার মতো উপযুক্ত ‘ইনডোর প্লান্টস’ এখন পাওয়া যায় প্রায় সব নার্সারিতেই। অথবা পেয়ে যেতে পারেন ইনডোর প্লান্টসের বিশেষ দোকানগুলোতে। জিগাতলার আম্বালা কমপ্লেক্সের এরকম এক আউটলেট ‘ন্যাচার অ্যাকুয়া’। এর পরিচালক ফাহিম জামান জানালেন, আড্ডা দিতে চাইলে বারান্দার বিকল্প নেই। বারান্দায় একই সঙ্গে টব ও ঝুলন্ত গাছ রাখতে পারেন। বসার ঘর, খাবার ঘর ও শোবার ঘরে রাখার জন্য আলাদা আলাদা প্রজাতির গাছ পাবেন। এমনকি বেসিন ও আশপাশটা সাজাতে পারেন গাছ দিয়ে। এছাড়া উপযুক্ত জায়গা হচ্ছে ঘরের কর্নার। সিঁড়িতে ওঠার মুখেও দুই পাশে রাখতে পারেন। প্রথমেই আপনার আবাসস্থলের আয়তনটা বুঝে নিন। ছোট্ট ফ্ল্যাট হলে প্রথম থেকেই প্লান্টার ঝোলানোর ব্যবস্থা করে নিতে পারেন। সংগ্রহ করুন নানা ধরনের টব। প্লান্টার ঠিক করে নিন কিভাবে কোথায় কোন ধরনের গাছ রাখতে পারেন, তা ভেবে নিন। ঘরের কোণে তৈরি করতে পারেন গ্রিন কর্নার বা সুন্দর ঝোলানো প্লান্টারে মেরি পামা বা লতানো অ্যাসপ্যারাগাস দিয়ে সাজিয়ে তুলুন। আপনার অন্দর মহল ক্লাসিক বা মডার্ন প্যাটার্ন যাই হোক না কেন, গাছের ব্যবহার যেকোনো অন্দরকে করে তোলে মোহনীয় ও আকর্ষণীয়। চোখের ক্লান্তি দূর করতে সবুজ গাছের কোনো বিকল্প নেই। গৃহের যেখানে যে গাছই রাখুন না কেন, সবুজের স্পর্শে আপনার বাসস্থান হয়ে ওঠবে এক টুকরো স্বর্গ।