রংপুরে অগ্নিকাণ্ডে ৩টি ছাত্রাবাস পুড়ে ছাই, আহত ৫

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫২
রংপুরে অগ্নিকাণ্ডে তিনটি ছাত্রাবাস পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ছোটাছুটি করতে গিয়ে অন্তত পাঁচ ছাত্র আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে।
 
জানা যায়, নগরীর কলেজপাড়া এলাকায় পারভেজ ছাত্রাবাস, আলহাজ ছাত্রাবাস ও ভাইভাই ছাত্রাবাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
 
পারভেজ ছাত্রাবাসের বাসিন্দা কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ছাত্র নাজমুল হুদা বলেন, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ পোড়াপোড়া গন্ধ পাই। বের হয়ে দেখি পাশের ঘরে আগুন লেগেছে। তিনি আরো বলেন, তাড়াহুড়োর কারণে ঘরের কোন আসবাব, টাকা বের করতে পারিনি। আরেক বাসিন্দা কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সোহাব আলী বলেন, আগুনে আমার ল্যাপটপ, সার্টিফিকেটসহ সবকিছু পুড়ে গেছে।
 
এ ব্যাপারে রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে কলেজপাড়ায় বেসরকারি তিনটি ছাত্রাবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই আগুনে ছাত্রাবাস তিনটিতে থাকা বইপুস্তক, আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে পাঁচ ছাত্র আহত হয়েছেন।
 
ইত্তেফাক/এসএস