যেখানে মানুষ আছে সেখানেই উন্নয়ন হচ্ছে: সাজেদা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে এ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সরকার দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে। যেখানে মানুষ আছে সেখানেই উন্নয়ন হচ্ছে।
 
তিনি শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামে সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ৪তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্থর ও ৮০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
চরযোশরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জোহা শুভ, ফরিদপুর পল্লিবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার রাম শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযোশরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আলী মোল্যা, ইউনিয়ন স্বেচ্ছা-সেবকলীগের সভাপতি মাহবুব হাসান বাকী, সাধারণ সম্পাদক মিহির হোসেন প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি